top of page

মাত্র ২০৬ টাকায় কেরল ভ্রমনের গল্প।

Updated: Oct 18, 2024

গত বছর জুলাই মাসে যেদিন কলকাতায় সকাল থেকে আকাশের মুখ ভার সেই দুপুরে অফিস ডুব দিয়েছিলাম বাড়ির ব্যালকনিতে বসে সবুজ গাছেদের স্নান দেখব বলে। গুগল খুলে দেশ-বিদেশের খবর পড়া আমার দীর্ঘদিনের অভ্যাস। সেই অলস দুপুরে গুগল নিউজের অতল সাগরে ডুব দিয়ে খুঁজে পেলাম মুক্তো!

চোখ আটকে গেল একটা খবরে - Kerala Tourism has launched a 24x7 WhatsApp chatbot named 'Maya' এবং সেই উপলক্ষ্যে 'Holiday Heist' নামে এক অভিনব interactive bidding game চালু করেছে তারা। পদ্ধতি খুবই সহজ। ‘মায়া’ কে 7510512345 নম্বরে হোয়া্টস্যা্প করে একটা ‘হাই’ পাঠাতে হবে। এরপর পুরো জুলাই মাস জুড়ে ‘মায়া’ আপনাকে ঠিক দুপুর দুটোয় একটা করে দাম সহ ট্রাভেল প্যাকেজ (আবশ্যই কেরলের) পাঠাবে এবং আপনাকে উত্তরে সেই প্যাকেজের একটা মূল্য নির্ধারণ করে পাঠাতে হবে। যদি আপনার পাঠানো মূল্য lowest & unique হয় , তাহলেই আপনি আপনার পাঠানো দামে জিতে যাবেন সেই ট্রাভেল প্যাকেজটি; আবার পরেরদিন ঠিক দুপুর তিনটেয় winning bidding price জানিয়ে দেবে মায়া নিজেই। ততদিনে প্রতিযোগিতার দশ-বারো দিন অতিক্রান্ত, তাও আমি কৌতুহল বসে মায়া-কে ‘হাই’ পাঠালাম এব ফেক ভেবে গোটা বিষয়টা ভুলে গেলাম। পরেরদিন আফিসে কাজের ভীড়ে আমার সাইলেন্ট করা মোবাইল ফোনে আলো জ্বলে উঠল। মায়া মুন্নার আর আলেপ্পির ১৭,০০০ টাকার একটা তিন দিন চার রাতের ট্রাভেল প্যাকেজ পাঠিয়েছে। এবারও ফেক ভেবে ক্যাসুয়ালি একটা বিডিং নাম্বার পাঠিয়ে দিলাম। এরপর দু-তিন দিন কাজের চাপে আর মায়ার ছায়াতেও হাত দেওয়া হয়নি।

কাট-টু - কয়েক দিন পরে বেশ রাতের দিকে মায়ার পাঠানো জমে থাকা ট্রাভেল প্যাকেজগুলো দেখে চোখকে আরাম দিচ্ছি এমন সময়ে পাশ থেকে আমার ডোমেস্টিক পার্টনার উঁকি দিয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার। আমিও গুগল থেকে অর্জিত জ্ঞ্যানভান্ডার উজাড় করলাম। সেও হেসে ‘এসব ফেক’ বলে আমার ফোন থেকে সেদিনের ৩২০০০ টাকার প্যাকেজ টার bidding price ২০৬ লিখে পাঠিয়ে দিল।

পরেরদিন অফিস মিটিং-এ ঝাড় খাচ্ছি, মোবাইলের আলো জানান দিল নতুন খবর আগমনের। মিটিং শেষে ফোন চেক করতে দেখতে পেলাম মায়া লিখেছে- ‘yesterday’s winning amount is 206 for Munnar- Vagamon – Kumarakon package’!

মেসেজ দেখে আমি তিনটে কাজ করলাম। এক, দুবার চোখ কচলালাম এবং আবার চেক করলাম। দুই, তেনাকে মেসেজটা ফরোয়ার্ড করলাম। তিন, দুজনে ফোনে ‘এসব স্ক্যাম, এক্ষুনি টাকা চাইবে’ এসব বলে খুব হ্যা হ্যা হি হি করলাম।

এরপরের ঘটনা ছোটবেলায় করা সরল অঙ্কের মতো। একটা ফোন এল; ডিটেইল ট্রাভেল প্যাকেজ মেইলে এল; কথা হল কোচি টু কোচি সব খরচ কেরল সরকারের, অতএব আমরা যেন টিকিট বুক করে জানিয়ে দিই কারণ গাড়ি আসবে নিতে এবং সেই গাড়ি প্যাকেজের সাড়ে পাঁচদিন আমাদের সাথেই থাকবে। শর্ত একটাই, ঘুরতে গিয়ে কয়েকটা ছবি @keralatourism কে ট্যাগ করে পোস্ট করতে হবে।

৮২০ টা গুগল পে এর স্ক্র্যাচকার্ড ঘষে মোট ছয় টাকা রিওয়ার্ড পাওয়া আমরা দুজন ‘এসব ফেক’ বলে অফিসে ছুটির এপ্লাই করলাম এবং যা হবে দেখা যাবে বলে উড়ে গেলাম কোচি। আমাদের অবাক করে দিয়ে সত্যিই চকচকে একটা গাড়ি এয়ারপোর্টে নিতে এল। দারুন সব জায়গা ঘোরালো। দুই জায়গায় ফোর স্টার এবং এক জায়গায় ফাইভ স্টার প্রপার্টিতে রাখল, বারবার ফোন করে খবর নিল আমরা কেমন ঘুরছি, এবং ‘সরকারের অতিথি’ বলে দারুন খাতির করল।

এই লেখা ঘুরতে যাওয়ার নয়, হঠাৎ পাওয়া ঘুরতে যাওয়ার সুযোগের। তাই ঘোরার গল্প পরে একদিন বলব। আজ আপাতত কয়েকটা ছবি আর কেরল ট্যুরিজমের অফিসিয়াল ইন্টা হ্যান্ডেলে আমাদের ঘুরতে যাওয়ার খবরের লিংক টা রইল।

https://www.instagram.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page