দুর্গা পূজার প্রেক্ষাপটে: ৭টি বলিউড সিনেমা
- Ghoti Gorom
- Oct 23, 2024
- 2 min read
সবে মা দুর্গা কৈলাশে তার নিজের সংসারে ফিরেছেন। সাতদিনের উৎসব শেষে এখনও আমাদের ইনস্টাগ্রাম স্টোরি ও মনের আনাচ কানাচ বলছে বাঙালি এখনও মা কে মন থেকে বিদায় জানাতে প্রস্তুত নয়। এদিকে আকাশে মেঘের ঘনঘটা আর ঘুর্ণিঝড় ‘দানা’র চোখরাঙানি এনে দিতে পারে অপ্রত্যাশিত দুইদিনের ছূটি বা ওয়ার্ক ফ্রম হোম। তাহলে আসুন এই সুযোগকে কাজে লাগিয়ে দেখে নিই সাতটি বলিউড ছবির তালিকা যেখানে আপনি ঘরে বসে আরও একবার দুর্গা পুজার আঁচে নিজের মনকে উৎসবের কড়াপাকে তরতাজা করে নিতে পারবেন ।
১. রকি অউর রানি কি প্রেম কাহানি (2023)
করণ জোহর পরিচালিত এই ছবিতে, রকি রন্ধাওয়া (রনভীর সিং) এবং রানি চ্যাটার্জি প্রেমে পড়েন। সিনেমার একটি পর্যায়ে দুই পরিবারের সম্মতি পাওয়ার চেষ্টায় তারা দুই পরিবারকে দেখা করায় দুর্গা পুজা উপলক্ষে। এটি এই ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, যেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং গল্প গতি নেয়। তবে টোটা রায়চৌধুরি আর রনভীর সিং-এর মা দুর্গার সামনে "ডোলা রে ডোলা" গানের তালে নাচ, এই সিনেমাটিকে একটি অন্য মাত্রা দিয়েছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।
২. গুণ্ডে (2014)
আলি আব্বাস জাফর পরিচালিত “গুণ্ডে” ছবিতেও দুর্গা পূজা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে, দুই বন্ধুর (বিক্রম ও বালা) মধ্যে প্রেম এবং প্রতিশোধের সংঘাত ঘটে, যেখানে নন্দিতা (প্রিয়াঙ্কা চোপড়া) তাদের সম্পর্ককে আরও জটিল করে তোলে।
৩. লুটেরা (2013)
“লুটেরা” ছবির শুরুই হয় দুর্গা পূজার পটভূমিতে । উৎসবের আনন্দের মাঝে সুধামিনী পাখি রায় চৌধুরী (সোনাক্ষী সিনহা)-র অ্যাস্থমা অ্যাটাক গল্পের গতিবিধিকে এগিয়ে নিয়ে যায়। এখানে নজরকাড়া পুজোর দৃশ্য মনকে স্নিগ্ধ করে তোলে।
৪. কাহানি (2012)
সুজয় ঘোষ পরিচালিত , বিদ্যা বালান অভিনীত “কাহানি” ছবিতে দুর্গা পূজাই হল মূল চরিত্র। গল্পের অধিকাংশ অংশই উৎসবের চারপাশে ঘোরে, এবং ছবির শকিং ক্লাইম্যাক্স ঘটে দশমীর দিনে। উৎসবের আনন্দের মাঝে, দুর্গা পূজাকে ব্যবহার করা হয়েছে বিদ্যা বাগচীর (বিদ্যা বালান) প্রতিশোধ নেওয়ার উপকরণ হিসেবে।এই ছবিতে দেখানো কলকাতার পুজা, সিঁদুর খেলা, লালপাড় সাদা শড়ি আপনাকে আপনার পুজোতে কাটানো সেরা মুহুর্তগুলো মনে পড়াবেই।
৫. ভিকি ডোনর (2012)
সুজিত সরকার পরিচালিত “ভিকি ডোনর”-এ ভিকি (আয়ুষ্মান খুরানা) এবং অসিমার (যামি গৌতম) সম্পর্কের উষ্ণতা ও দুর্গা পূজার আনন্দ মিলে মিশে যায়। তাদের প্যান্ডাল হপিং- এর দৃশ্যপট গুলি আপনাকে আরও একবার নস্টালজিক করে তুলবেই।
৬. পরিণীতা (2005)
প্রদীপ সরকার পরিচালিত “পরিণীতা” ছবিতে দুর্গা পূজার সময় গিরীশের (সঞ্জয় দত্ত) ধুনুচি নাচ একটি নাটকীয় মুহূর্ত সৃষ্টি করে। মনে করিয়ে দিই গিরীশ যখন ধুনুচি নাচে মগ্ন, তখন ললিতা তাকে আগুনে পোড়া থেকে রক্ষা করে। সেই ললিতা আর শেখরের ভুল বোঝাবুঝির শুরু।
৭. দেবদাস (2002)
সঞ্জয় লীলা বনশালী পরিচালিত “দেবদাস”-এর ডোলা রে ডোলা গানটি বলিউড সিনেমার ইতিহাসে একটি স্মরণীয় দুর্গা পূজা দৃশ্য। পারো (ঐশ্বরিয়া রাই বচ্চন) এবং চন্দ্রমুখী (মাধুরী দীক্ষিত)-এর দুর্গা পূজার প্যান্ডেলে ‘ডোলা রে’ গানের সাথে নাচের যুগলবন্দী আলোচনায় থেকে যাবে আরও বহু যুগ।
দুর্গা পূজা শুধু বাঙ্গালীদের একটি উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি এবং চলচ্চিত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। ওপরে আলোচিত হিন্দীভাষার সিনেমাগুলি আমাদের দৃষ্টিভঙ্গিতে দুর্গা পূজার বিভিন্ন দিক তুলে ধরেছে, যা ছায়া ও ছবির খেলায় উৎসবের আনন্দকে চিরন্তন করে রাখে।
তাহলে পড়ে পাওয়া ছুটিতে বা এই সপ্তাহান্তে চা বা কফি নিয়ে বসে যান আরও একবার রূপোলি পর্দায় মা দুর্গাকে ছুঁয়ে দেখার জন্য!




_edited.jpg)







Comments